চট্টগ্রামের হাটহাজারীতে সোহেল হত্যা মামলায় শাহেদ (১৭) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার হত্যাকাণ্ডের দু'দিন পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ৪টার দিকে উপজেলা মেডিকেল গেট ফজু তালুকদার বাড়ির সামনে 'পাওয়ার বয়েজ' নামের একটি গ্রুপের কতিপয় সদস্যের নিক্ষেপ করা ইটের আঘাতে উপজেলার চন্দ্রপুর গ্রামের কাঠ মিস্ত্রি মানিকের নতুন বাড়ির নুর মোহাম্মদ মানিক মিস্ত্রির ছেলে সোহেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে প্রেরণ করলে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সোহেল রানাকে (২৩) মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের বাবা গতকাল বুধবার মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের করার পরেই অভিযুক্তদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি শাহেদকে আটক করে।
ইত্তেফাক/এসএস
