‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস। একটি হত্যা মামলায় আপিল বিভাগ এ রায় দিয়েছে। অর্থাৎ যাবজ্জীবন সাজার ব্যাখ্যা হচ্ছে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে থাকতে হবে।’
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক নারীর জামিন আবেদনের শুনানিকালে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি এম. ইনায়েতুর রহিম আজ বৃহস্পতিবার এ কথা বলেন।
শুনানির সময় আদালত কক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার। তাকে উদ্দেশ্য করে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, আইনজীবীরা আইনের শাসন ও মানবাধিকার নিয়ে কাজ করে থাকে। আপনারা কি ওই রায়ের রিভিউ চেয়েছেন? এগুলো নিয়ে তো ভাবতে হবে।
বাসেত মজুমদার বলেন, অবশ্যই। আদালতের এখতিয়ার রয়েছে দীর্ঘ কারা ভোগকারীদের জামিন দেয়ার। বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি রয়েছে। কমিটিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর জেলখানার ১০/১৫ বছরের জীবন সাংঘাতিক। এজন্য বার কাউন্সিল এসব অস্বচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সেবা দিতে পারে।
প্রসঙ্গত, মানিকগঞ্জের একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ দুই আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন সাজা দেয়া হয়। সেখানে বলা হয়, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাগারে থাকতে হবে।
ইত্তেফাক/কেকে
