শ্রীগুরু সংঘ আশ্রমে ৩দিনব্যাপী ভক্ত সম্মেলন শুরু

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২০:৩০
কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৩দিন ব্যাপী তৃতীয় ভক্ত সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে। বিকেলে আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বন্দর পরিভ্রমণ করে। আশ্রম প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী।
 
এ সময় উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘ সার্বভৌম ভারতের সংঘের সভাপতি স্বামী ধ্রুবানন্দ সরস্বতী, বাংলাদেশের কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত, ভারতের নাগতলা কেন্দ্রীয় আশ্রমের সহ সম্পাদক স্বামী বিজ্ঞানানন্দ সরস্বতী, কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ, ভক্ত সম্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, শোভাযাত্রা উপ কমিটির আহ্বায়ক মানিক লাল কর প্রমুখ।
 
সম্মেলনে সংহতি জানিয়ে শোভাযাত্রায় অংশ নেন কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ মিল্টন। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের চার হাজার প্রতিনিধি ও অসংখ্য ভক্তের সমাগম ঘটবে। আগামী শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে সম্মেলনের সমাপ্তি ঘটবে।
 
ইত্তেফাক/আরকেজি