বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে, নির্যাতন করছে। আপনারা আমাদের নেতাদের গ্রেফতার করুন। নির্যাতন করুন কোন অসুবিধা নেই। শুধু শান্তিপূর্ণ ভোট দিন, দেখবেন ভোট বিপ্লব ঘটে গেছে। তিনি আজ শুক্রবার বেলা ১১টায় খুলনা নগরীর কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
নজরুল ইসলাম খান সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমাদের মিছিল করতে বাধা দেয়া হয়। জনসভা করতে বাধা দেয়া হয়। স্লোগান দিতে বাধা দেয়া হয়। লিফলেট বিলি করতে গেলে গ্রেফতার করা হয়। এমন পরিস্থিতিতে আমরা আপনাদের উপর নির্ভর করি। এক সময় বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল। সেই স্বাধীনতা জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, একটি দল সরকারি টাকায় গাড়ি-ঘোড়ায় চড়ে, হেলিকপ্টারে করে নৌকার পক্ষে নির্বাচনী জনসভা করে বেড়াচ্ছে। আরেক দলের নেতা কারাগারে আবদ্ধ। তার দলের নেতাকর্মীরা নেত্রীর মুক্তি এবং একটি অংশগ্রহণ ও জনগণের কাছে দায়বদ্ধমূলক একটা সংসদ প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করছেন। এতকিছুর পরেও আমরা বলতে চাই, যত পারেন আমাদের নেতাকর্মীদের অত্যাচার করেন। শুধুমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন দিন। জনগণ যদি শুধু ভোট দিতে পারে দেখবেন ভোটের বাক্সে বিপ্লব ঘটে যাবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, 'এখন চলার পথে দেখছি রাস্তাঘাটের ওপর নৌকা উঠেছে, মোড়ে মোড়ে নৌকা টানিয়ে রাখা হয়েছে। আজকাল নদী বন্ধ হয়ে যাচ্ছে। নদীতে পানি নেই। পদ্মা নদীতে পানি নেই। প্রমত্তা তিস্তাতেও পানি নেই। নদীতে নৌকা চলার অবস্থা নেই। সেই নৌকা এখন আকাশে উঠেছে।'
তিনি বলেন, গত মাসের ২৬ তারিখে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। ২৭ ফেব্রুয়ারি শহীদ হাদিস পার্কে আমরা জনসভা করার অনুমতি নিই। এখন শুনছি আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন সেখানে সভা ডেকেছে। তারা পায়ে পা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এখন পুলিশ বলছে, হাদিস পার্ক কেন আশেপাশের রাস্তাতেও সমাবেশ করা যাবে না। তারা আসলে ১০ তারিখে সভা করতে চায় নাই। তারা আসলে আমাদের সমাবেশ নষ্ট করতে চেয়েছে। তারা সরকারে আছে, তাই সরকারের সহযোগিতায় এই অপকৌশল কাজে লাগিয়েছে। আমরা এর নিন্দা জানাই।
আগামীকাল শনিবার বিকেল ৩টায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে ওই প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারপারসন বরকতউল্লাহ বুলু, মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
ইত্তেফাক/এসএস
