৫৭ আর ৩২ ধারা মুদ্রার এপিঠ ও ওপিঠ: বি চৌধুরী

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:২২
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। মানুষ মুখ খুলে কথাও বলতে পারছেন। সরকার ৫৭ ধারা আর ৩২ ধারার খেলায় সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। মূলত ৫৭ আর ৩২ ধারা মুদ্রার এপিঠ ও ওপিঠ। আমরা চাই সকলের অংশগ্রহণে মাধ্যমে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের চেয়ারম্যান আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ভাইস চেয়ারম্যান তানিয়া ফেরদৌস, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি মো. আকতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক আল মামুন, ইসহাক সুমন ও অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
 
আ স ম আব্দুর রব বলেন, কেউ জেলে থাকবে আবার কেউ সরকারি টাকা গাড়ি ব্যবহার করে ভোট চাইবে এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। যদি তারা তা করতে ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করে চলে যাক। প্রধানমন্ত্রী সরকারি খরচে সকল সুবিধা নিয়ে স্কুল কলেজ বন্ধ করে সমাবেশ করে ভোট চাইছেন এটা সম্পূর্ণ অনৈতিক।
 
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তারপরেও তারা দাবি করে উন্নয়নের রোল মডেল। যাদের জিডিপির বাইরে কোন উন্নয়ন নাই।
 
ইত্তেফাক/আরকেজি