রাজধানীর হযরত শাহ্ আলী বাগদাগী (রহ.) কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আজ সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছেন ওই মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসাটির উপাধ্যক্ষ আফজাল হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ মার্চ দুপুরে মাদ্রাসার ১২তম কনিষ্ঠ শিক্ষক কেএম সাইফুল্লাহ ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুছ ছামাদ ও অন্যান্য শিক্ষকদের উপরে হামলা চালায়। তারা জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নেয়। পরবর্তীতে এর প্রতিবাদ করলে আফজাল হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে তারা বলেন, 'এ ঘটনার প্রতিবাদে থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি। এখন মাদ্রাসার শিক্ষকরা হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন। পরবর্তীতে শিক্ষক কে এম সাইফুল্লাহ অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করেছেন। তার বিরুদ্ধে মাদ্রাসার ৯১ লাখ টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। এ অবস্থায় আমরা প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।'
ইত্তেফাক/এসএস
