নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছিল। আওয়ামী লীগ কখনই বিদেশি রাষ্ট্রের প্রতি ভরসা করে ক্ষমতায় থাকে না। তবে, প্রতিবেশী সব দেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়।
শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়ায় ইকোপার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে ব্যর্থ হয়ে উল্টো সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ জনগণ ভিত্তিক দল। বঙ্গবন্ধু জনগণের উপর ভিত্তি করেই দেশের স্বাধীনতা এনেছেন।
দুর্নীতির মামলায় বেগম জিয়ার সাজা হয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, বিএনপির নেতারা ইচ্ছে করেই খালেদা জিয়াকে জেলে রেখেছেন। বিএনপি জনগণের সহনুভুতি পাওয়ার জন্য খালেদা জিয়াকে জেল থেকে বের করার জন্য আপিলসহ সকল কার্যক্রম ধীর গতিতে চালাচ্ছে। বিএনপি দেখেছে, খালেদা জিয়া জনগণের কাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাই সহানুভুতি পাওয়ার আশায় বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখেছে, সরকার তাকে জেলে রাখেনি।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
