ব্রিসবেন হিটের হয়ে খেলতে পারেন প্যাটিনসন

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৭:৪৬
আগামী বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলতে পারেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জেমস প্যাটিনসন। বিগ ব্যাশের সর্বশেষ পাঁচ আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। তবে বিগ ব্যাশের অষ্টম আসরে ব্রিসবেন হিটের জার্সিতে দেখা যেতে পারে প্যাটিনসনকে। 
 
গত বছরের আগস্টে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজের ঠিক আগ মূহুর্তে পিঠের ইনজুরিতে পড়েন প্যাটিনসন। পঞ্চমবারের মত পিঠের ইনজুরিতে পড়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েন তিনি। এরপর নিউজিল্যান্ডে সফর অস্ত্রোপচার শেষে আবারো অনুশীলনে ফিরেছেন প্যাটিনসন। 
 
খুব শীঘ্রই মাঠে ফেরার আশায় রয়েছেন প্যাটিনসন। তিনি বলেন, ‘খুব শীঘ্রই মাঠে ফিরবো। এখন কোন সমস্যা অনুভব করছি না। তবে পুরোপুরি ফিট হতে সময় লাগবে।’
 
মাঠের ফেরার প্রত্যাশায় স্বপ্ন বুনে রেখেছেন প্যাটিনসন। ২০১৯ অ্যাশেজ তার আসল লক্ষ্য বলে জানালেন তিনি, ‘২০১৯ অ্যাশেজ আমার আসল লক্ষ্য। ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আমাকে বলা হয়েছে, আগামী অ্যাশেজে তারা আমাকে দলে চায়। এজন্য আমাকে এখন থেকে প্রস্তুত হতে বলেছে বোর্ড।’
 
২০১১ সালে টেস্ট-ওয়ানডে-টি২০ ফরম্যাটে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় প্যাটিনসন। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত মাত্র ১৭টি টেস্ট, ১৫টি ওয়ানডে ও ৪টি টি-২০ খেলেছেন তিনি। টেস্টে ৭০টি, ওয়ানডেতে ১৬টি ও টি-২০তে ৩টি উইকেট নেন ২৭ বছর বয়সী প্যাটিনসন। বাসস।
 
ইত্তেফাক/ রেজা