বেশ কিছুদিন ধরেই শুটিং বন্ধ রেখেছিলেন ইরফান খান। ক’দিন আগেই জন্ডিস হয়েছে বলে শুটিং বাতিল করেছেন তিনি। তবে সম্প্রতি ইরফান খানের একটি টুইট ঘিরে তৈরি হয়েছে রহস্য। অভিনেতা নিজেই জানিয়েছেন তিনি ‘বিরল রোগ’-এ আক্রান্ত হয়েছেন। কিন্তু কী সেই রোগ, সে সম্পর্কে কিছু জনাননি তিনি। পরে বিষয়টি নিয়ে শুরু হয় নানা জল্পনা।
ইরফান খানের বিরল রোগের জল্পনা এবার নতুন মোড় নিল। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সুতপা শিকদার। গত শনিবার মধ্যরাতে তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে স্বামীর শারীরিক অবস্থা নিয়ে গুজব রটানো বন্ধ করতে অনুরোধ করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার প্রিয় বন্ধু এবং স্বামী একজন যোদ্ধা, যিনি জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে সাহসের সঙ্গে অতিক্রম করে এসেছেন এতদিন। আমার স্বামীর প্রতি আপনাদের অঢেল ভালবাসার জন্য আমি চির ঋণী থাকব। শুধু একটাই অনুরোধ, ওর মঙ্গল কামনা করুন।’’
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেক জল্পনার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই এক গণমাধ্যমের প্রতিবেদনে নানা যায়, ইরফানের ব্রেনে একটি জটিল টিউমার। সেই জন্য তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন।
IMG0
কিন্তু ইরফানের সহ অভিনেতা সোনম কাপুর, নিমরত কউর, বলিউডের বাণিজ্য বিশারদ কোমল নাহাতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টুইট করে অভিনেতার ক্যানসার হওয়ার প্রসঙ্গকে গুজব বলে জানিয়েছেন। ইরফানও নিজের টুইটে বলেছিলেন যে, সময় মতো তিনি ভক্তদের সব কথা জানাবেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
