অমিতাভ ও জয়ার সম্পদের মূল্য ১০০০ কোটি রুপি

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৬:২৩
প্রায় তিন দশক ধরে বলিউড কাঁপিয়েছেন। আজও বি-টাউনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর দাপট কিছু কম নয়। তাঁর ব্যক্তিগত জীবন এমনকী, বিষয় সম্পত্তি নিয়েও ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ। সম্প্রতি সেই সম্পত্তির অঙ্কই জানালেন অমিতাভের স্ত্রী ও বলিউড অভিনেত্রী জয়া বচ্চন।
 
শুক্রবার সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার মনোনয়নপত্র জমা দেন জয়া। সেখানে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য তিনি দেখিয়েছেন ১০০০ কোটি রুপি। 
 
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০১২ সালে অমিতাভ এবং জয়ার বিষয় সম্পত্তি ৫০০ কোটি টাকা ছিল। মাত্র ছয় বছরের মধ্যে অর্থাৎ ২০১২ থেকে ২০১৮-এর মধ্যে বচ্চন দম্পতির সম্পত্তি দ্বিগুণ হয়েছে।
 
প্রতিবেদন থেকে আরও জানা গিয়েছে যে, জয়ার কাছে প্রায় ২৬ কোটি টাকার গয়না আছে। ৩৬ কোটি টাকার গয়নার অধিকারী অমিতাভও। এছাড়া তাঁদের কাছে যতগুলি গাড়ি রয়েছে তার মিলিত দাম প্রায় ১৩ কোটি টাকা।
 
 
‘প্রতীক্ষা’, ‘জনক’, ‘জলসা’ একাধিক বাংলোও রয়েছে তাঁদের মুম্বইয়ে। এছাড়া নয়ডা, পুনে, আমেদাবাদ, গান্ধীনগরেও তাঁদের একাধিক সম্পত্তি রয়েছে। ৯ লক্ষ টাকার থেকেও বেশি দামি একটি কলম ব্যবহার করেন বিগ বি। 
 
কিছুদিন আগে অমিতাভ টুইট করে জানিয়েছিলেন, ‘আমার মৃত্যুর পর, আমার সমস্ত সম্পত্তি আমার দুই ছেলে-মেয়ের মধ্যে সমান ভাবে ভাগ হবে।’
 
ইত্তেফাক/ রেজা