রাজবাড়ীর পাংশায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন ঝর্ণা বেগম (৪৫) ও স্বামী দেলবর আলী (৫৫)। রবিবার সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনেরা জানান, ঝর্ণা বেগম বছর খানেক আগে দুবাই থেকে দেশে ফিরে আসেন। এরপর তিনি বরিশালের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। স্বামী দেলবর দীর্ঘদিন ধরে ঝর্ণা বেগমকে গৃহকর্মীর কাজ করতে নিষেধ করে আসছিলেন। এ নিয়ে মাঝে মধ্যেই তাদের ঝগড়া লেগেই থাকতো। রবিবার সকালে মেয়ে রাবেয়া দরজা খুলতে বললে ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বেড়ার নিচ দিয়ে দেখতে পান ঝর্ণা বেগমের লাশ বিছানায় পড়ে আছে। আর ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে দেলবর আলীর লাশ।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল ) মো. ফজলুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
