ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৬:২১
ঠাকুরগাঁওয়ে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের দণ্ডাদেশ দেয়া হয়। 
 
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আ. খালেক (৩৮) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে। 
 
আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে আ. খালেকের সঙ্গে এই গ্রামের শাহ আলমের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১২ সালের ৯ আগস্ট সকালে শাহ আলমের বাবা আ. হক ঘরে ঘুমিয়েছিলেন। এ সময় আ. খালেক ছুরি দিয়ে আ. হকের বুকে আঘাত করে পালিয়ে যায়। আ. হককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। পরে রাতে শাহ আলম ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় আ. খালেককে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি