পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর জুতা নিক্ষেপ

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৭:৪৩
পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে লক্ষ্য করে জুতা হামলার ঘটনা ঘটেছে। রবিবার লাহোরে আয়োজিত এক জনসভায় নওয়াজের উদ্দেশ্যে জুতা নিক্ষেপ করা হয় বলে জানাচ্ছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।
 
ডনের প্রতিবেদনে বলা হচ্ছে, লাহোরের জামিয়া নায়িমায় মুফতি মোহাম্মদ হুসাইন নায়িমির মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে ভাষণ দিতে গেলে ভিড়ের মধ্য থেকে একজন নওয়াজের উদ্দেশ্যে জুতা ছুড়ে মারে। ভিডিও ফুটেজে দেখা যায়, এই ঘটনার আকস্মিকতায় বেশ খানিকটা ঘাবড়ে যান নওয়াজ শরীফ। এই ঘটনার পর ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় উপস্থিত জনগণ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
IMG0
পরে পাকিস্তান মুসলিম লীগের এই নেতা অবশ্য তার বক্তব্য চালিয়ে যান। তবে বক্তৃতা সংক্ষেপ করেন তিনি। শুধুমাত্র আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রয়াত ধর্মীয় সাধক মুফতি মোহাম্মদ হুসাইন নায়িমির জন্য প্রার্থনার কথা বলেন। আয়োজকরা বলছেন, হামলাকারীর পরিচয় ও কীভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছে সেব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা। 
 
 
তৃতীয়বারের মতো দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পিএমএল-এনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটলো। একদিন আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপের ঘটনা ঘটে। তারও আগে দলটির নেতা আহসান ইকবালকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে এক ব্যক্তি। ডন, খালিজ টাইমস।
 
ইত্তেফাক/সেতু