বর্ণচোরাদের থেকে সতর্ক থাকতে হবে: খালিদ

আপডেট : ১১ মার্চ ২০১৮, ২১:৪৯
চক্রান্তকারীদের সঙ্গে হাত মিলিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দেশের সম্ভাবনাকে নস্যাত করার ষড়যন্ত্রে নেমেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে ড. কামাল হোসেন বিভিন্ন সময়ে মঈনুদ্দিন, ফখরুদ্দিন ও যুদ্ধাপরাধীদের সঙ্গে মিলে দেশবিরোধী চক্রান্ত করে গেছেন। কামাল হোসেনের মতো এসব বর্ণচোরাদের চক্রান্ত থেকে সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে।
 
রবিবার দিনাজপুরের বোচাগঞ্জে সহষপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের পর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেছেন, ড. কামাল হোসেন মুক্তিযুদ্ধের কথা বলেন, অথচ যুদ্ধাপরাধীদের বিচারের সময় একদিনও ট্রাইব্যুনালে যাননি। দুর্নীতিবাজ তারেক রহমান যখন বিএনপির ভারপ্রাপ্ত প্রধান হলেন- কামাল হোসেন বললেন, এ বিষয়ে তার বক্তব্য নেই- জনগণ বিচার করবে। তার মতো আরো কিছু বর্ণচোরা মানুষ দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে চাচ্ছে। এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।
 
উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ বলেন, এই দেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সংবিধান, সাংবিধানিক ধারাবাহিকতা ও আইনের শাসন সবই আওয়ামী লীগের অবদান।
 
অধ্যাপক আ. মাসুম সরকারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আফছার আলী বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/আরকেজি