ব্রিটেনে বসবাসরত সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়ার ওপর অত্যন্ত বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে যে পাঁচটি স্থানে সেসব স্থানে ফরেনসিক তদন্ত চালানো হচ্ছে। এর মধ্যে তারা যেখানে দুপুরের খাবার খান, সলসবেরির জিজ্জি নামের সেই পিৎজার দোকানে স্নায়ুকে আঘাতকারী এই নার্ভ এজেন্টের সন্ধান মিলেছে।
পিৎজার দোকানটি ছাড়াও স্ক্রিপালের বাড়ি, একটি পানশালা এবং তার স্ত্রী ও ছেলের কবরস্থানেও সন্ধান করা হচ্ছে নার্ভ এজেন্ট রাসায়নিকের। জিজ্জিতে দুপুরের খাবারের অন্তত দু ঘণ্টা পর সাবেক ঐ রুশ গুপ্তচর ও তার মেয়েকে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় কাছেই একটি পার্ক থেকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারে যাওয়া একজন পুলিশ কর্মকর্তাও এখন গুরুতর-ভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক যা স্নায়ুতন্ত্রকে বিকল বা অকার্যকর করে দিতে পারে এবং দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে। তবে ঐ রেস্টুরেন্টে সে সময়ে আর কারো উপস্থিতির বিষয়ে নিশ্চিত হতে পারে নি তদন্তকারী সংস্থা। স্থানটিকে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। রাশিয়ার একজন সামরিক গোয়েন্দা হিসেবে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইসিক্সকে ইউরোপে রাশিয়ার গোয়েন্দাদের সম্পর্কে তথ্য দিতেন সের্গেই স্ক্রিপাল।
এদিকে, সলসবেরির ওই দোকানে যেসব লোক খাবার খেতে গিয়েছিলেন তাদের খুঁজে খুঁজে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে তারা যেন তাদের সব কাপড়চোপড় ও যেসব জিনিস সাথে ছিল সেগুলো ভালো করে জীবানুমুক্ত করার উপকরণ দিয়ে ধুলে ফেলেন। ওই রেস্টুরেন্টের বেশ কয়েকটি টেবিল ও চেয়ার সরিয়ে ফেলে ধ্বংস করা হয়েছে। বিজ্ঞানীরা পুলিশকে বলেছে, কয়েক সপ্তাহ লাগতে পারে রেস্টুরেন্টটি পুরোপুরি ব্যবহারোপযোগী হতে। এরপর ওই রাসায়নিকের প্রভাব থাকবে না। বিবিসি
ইত্তেফাক/আনিসুর
