ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান সোমবার কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এঘটনায় আহত ১৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও আরো হতাহতের আশঙ্কা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বিমানটি বিধ্বস্ত হবার প্রাথমিক কারণ এখনো জানা যায়নি।
Photos from the #TIA #Kathmandu #Nepal #USBangla (Pic- @IsarojB ) pic.twitter.com/FAoWCxIttq
— Narayan Amrit (@amritna) March 12, 2018
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এয়ারপোর্টের রানওয়েতে প্রচন্ড কালো ধোঁয়া দেখা যায়। এরপরই নিশ্চিত হওয়া যায় যে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে।
বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন, বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে চাকায় আগুন ধরে যায় এরপরই সেটি বিমানবন্দরের পাশেই একটি ফুটবল খেলার মাঠে আছড়ে পড়ে। বিমানটি ঢাকা থেকে দুপুর ২.২০ মিনিটে ত্রিভূবন বিমানবন্দরে এসে পৌঁছায়। বিধ্বস্ত প্লেনটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

নেপালের পর্যটন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সুরেশ আচারিয়া বলেন, বিধ্বস্ত বিমান থেকে ১৭ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের উদ্ধারকর্মী ও নেপালের সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকার্যক্রম শুরু করেছে। সেসঙ্গে ত্রিভূবন বিমানবন্দরের নির্ধরিত সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইউএস বাংলার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়।
ইত্তেফাক/রেজা
