নারীর মেধা-যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে স্পিকারের আহ্বান

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৭:০৯
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীর মেধা, যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের অর্ধেক জনসমষ্টি নারীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে পারলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। 
 
আজ সোমবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
স্পিকার বলেন, নারীদের মেধা যথাযথভাবে বিকশিত করলে নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে। নারী ক্ষমতায়ন আজ দৃশ্যমান। বাংলাদেশে সকল পেশায় আজ নারীরা এগিয়ে এসেছে। দেশ ও জাতিকে এগিয়ে নিতেই নারীর ক্ষমতায়ন প্রয়োজন।
 
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরি উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণে নারীরা অংশ নিতে পারলেই নারীর ক্ষমতায়ন ফলপ্রসু হবে।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম.এম শহিদুল হাসান। সেবা খাতকে নারী বান্ধব করার উপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, নারীর জন্য চাই অনুকূল কর্মপরিবেশ। কর্মজীবি নারীদের জন্য হোস্টেল সুবিধা ও নিরাপদ স্বাস্থ্য এবং নিরাপদ প্রসবসহ বেসরকারী খাতেও নারীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির উপর তিনি তাগিদ দেন। 
 
স্পিকার বলেন, রাজনীতিতেও নারীরা আজ পিছিয়ে নেই। সংরক্ষিত আসনের পাশাপাশি সরাসরি নির্বাচনের মাধ্যমেও নারীরা সংসদে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়নের বিষয়টি প্রাধান্য দিয়েই বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছিলেন। 
 
ইত্তেফাক/এমআই