মিয়ানমারকে বোঝাতে সিঙ্গাপুরের প্রতি শেখ হাসিনার আহ্বান

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৭:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে সেদেশকে বোঝাতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোয় মিয়ানমারকে বোঝানোর জন্য তিনি আসিয়ানের সভাপতি রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের প্রতি এই আহ্বান জানান।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আসিয়ানের সভাপতি রাষ্ট্র সিঙ্গাপুর তারা যেন মিয়ানমার সরকারকে বোঝায় এদের (বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের) ফিরিয়ে নেয়ার মধ্যেই ওই এলাকার স্থিতিশীলতা এবং উন্নয়ন নির্ভর করছে।’
 
আজ সোমবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় এসব কথা বলেন তিনি।
সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইস্তানায় দু’প্রধানমন্ত্রীর মধ্যে এই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন, এ সময় প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন।
 
পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা সমস্যা এবং সিঙ্গাপুরে জাহাজ ভেড়ার পর নাবিকদের ওঠা নামা নিয়ে সমস্যাটি আলোচনায় প্রাধান্য পায়। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে এবং রোহিঙ্গা শরণার্থীদের বিষয় নিয়েও আলাপ হয়েছে।’ 
 
ইত্তেফাক/এমআই