৫০তম প্রদর্শনীতে ‘কিনু কাহারের থেটার’

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১১:৩৯
 
পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। লাট সাহেব বললেন, ‘‘এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব’’। রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কি করে চোদ্দ ঘা চাবুক মারতে আদেশ দিবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দিবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য।
 
চার থলি টাকার বিনিময়ে ঘণ্টাকর্ণের বৌ জগদম্বা উজিরের হাতে তুলে দিল তার স্বামীকে। তারপর ঘণ্টাকর্ণের বাড়ির দুয়ারে যত চোর, ডাকাত, দাগী আসামীর লাইন, থলি থলি টাকা নিয়ে সবাই দাঁড়িয়ে, অপরাধ করে তারা আর সাজা ভোগ করে 'সাজা খেকো অফিসার' ঘণ্টাকর্ণ। জগদম্বা খুশি তার স্বামী কামাই করতে শিখেছে, রাজা খুশি ক্ষমতা টিকে যাওয়ার আনন্দে। উজির খুশি দেশে আর কোন আইনের সংকট নেই। চারিদিকে শান্তি, শান্তি ,শান্তি। কিন্তু এভাবে যদি দিন যেত তাহলে তো কথাই ছিল না। হঠাৎ একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হল ফাঁসির আদেশ। রাজা বললেন, ভয় কি, আমার তো মাস মাইনের চাকুরে ঘণ্টাকর্ণ আছেই, 'নে রে বাপ ঘণ্টাকর্ণ, উঠে পর ফাঁসি কাষ্ঠে'। তারপর...?
 
ঢাকা পদাতিক-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব ২০১৮- উপলক্ষে প্রদর্শিত হতে যাচ্ছে ‘কিনু কাহারের থেটার’ নাটকটি। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির মূল হল, জাতীয় নাট্যশালায় নাটকটি প্রদর্শিত হবে। মনোজ মিত্রের রচনা ও কাজী তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় এটি নাটকটির ৫০তম প্রদর্শনী।
 
এছাড়াও ‘কিনু কাহারের থেটার’ নাটকটি ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা(এনএসডি) কর্তৃক আয়োজিত ৮ম থিয়েটার অলিম্পিকেও অংশগ্রহণ করতে যাচ্ছে। ৮ম থিয়েটার অলিম্পিকে নাটকটি আগামী ২১ মার্চ সন্ধ্যা ৮টায় দিল্লীর অভিমঞ্চে মঞ্চস্থ হবে। এছাড়াও ২৩ মার্চ ভারতে ভূপালে নাটকটির আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ