সুন্দরগঞ্জে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে, আটক ৪

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৫:১১
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি তখন খুবই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তাছাড়া, একটি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে স্থানীয় ৪ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
 
সরেজমিনে বেশকিছু ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে- সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করার পাশাপাশি র‌্যাবের টহলদারি রয়েছে। এই উপ-নির্বাচনে ১০৯টি ভোট কেন্দ্রে উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩ লাখ ৩৮ হাজার ৫শ' ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার ১শ' ৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬শ' ৪৭জন ও পোলিং অফিসার ১ হাজার ২শ' ৯৪ জন। আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার কর্মকর্তা ও সদস্য। 
 
আজ দুপুর ১২টার দিকে গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে ওই ৪ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার দহবন্দ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আশেক আলী (৪৫), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা (৪০), দহবন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা (৩৫) ও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য দুদু মিয়া (৩০)।
 
উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, ওই ভোট কেন্দ্রের ভোট প্রদানের পর এই চারজন কেন্দ্রের ভিতরে অবস্থান করে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবার চেষ্টা করলে কর্তব্যরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আমিন তাদের আটক করে। তিনি আরো জানান, দুপুর ২টায় কর্তব্যরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। ভোট গ্রহণ শেষে তাদের সবাইকে জরিমানা আদায় পূর্বক থানা হাজত থেকে ছেড়ে দেওয়া হবে।
 
সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণ শুরুর সময় ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তিনি জানান, বেলা ১২টা পর্যন্ত গড় ভোট ২০% কাস্ট হয়েছে।
 
গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, এখন পর্যন্ত ( দুপুর ১টা) উপ-নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আশা করি শেষ পর্যন্ত কোন  বিশৃঙ্খলা হবে না।
 
উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী (নৌকা), জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ ডিসেম্বর সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় মারা গেলে এ আসনটি শূন্য হয়। গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এসএস