গোপালগঞ্জে বাসচাপায় মুন্নি আক্তার (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণী নিহত হয়েছেন। সোমবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিতহ মুন্নি আক্তার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামের মুরাদ শেখের মেয়ে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ আসছিলেন দুই নারী আরোহী ও মোটরসাইকেল চালক। কাশিয়ানী লিংক রোড থেকে পিংগুলিয়ার কাছে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিত্সক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, আহত নারী ও চালককে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএম
