কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:২৪
কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 
 
বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের শের আলী মালিথার ছেলে রুবেল মালিথা ওরফে প্রেম। 
 
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)অনুপ কুমার নন্দী জানান, দাম্পত্য কলহের জের ধরে ২০১৪ সালের ২ মার্চ রাতে রুবেল মালিথা তার স্ত্রী কুমকুমিকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল কুদ্দুস মিরপুর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি রুবেল মালিথার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ফাঁসির দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি