আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্র করছে। কিন্তু বঙ্গবন্ধুর বাংলার মাটিতে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা।
জনগনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন। সেই স্বপ্নের সেতু এখন সুর্য্যরে আলোর মতো দৃশ্যমান হয়েছে।
চালিতাডাঙ্গা আমিনা মনসুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র সংলগ্ন মাঠে সমাবেশে তিনি এ কথা বলেন।
সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক তরিকুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি তানভীর শাকিল জয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, এইচইডির প্রধান প্রকৌশলীর ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, এইইডির তত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, জেলা কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
ইত্তেফাক/ইউবি
