নিউজিল্যান্ডের কিটি হক কোম্পানি ব্যাটারি চালিত এমন এক এয়ার টেক্সি’র উদ্ভাবন করেছে, যেটি একাই উড়ে যেতে পারে। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজের বিনিয়োগে পরিচালিত প্রতিষ্ঠানটি বলছে, এই বিদ্যুৎ-চালিত এয়ার ট্যাক্সি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে উড়ে যেতে পারে। এছাড়া এটি সেল্ফ-ফ্লাইং সফটওয়্যার ব্যবহার করে চলে। তবে প্রয়োজনে মানুষও এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।
IMG0
বিমানের ব্যাটারি একবার চার্জ দেয়া হলে এটি ১০০ কি.মি. দূরত্বে একাই উড়ে যেতে পারবে। এই ধরনের বিমানকে বলা হয় ইভিটিওএল, অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং। ভবিষ্যতে এয়ার ট্যাক্সি হিসেবে এই ধরনের বিমান ব্যবহার করা যেতে পারে বলে কিটি হকের কর্মকর্তারা মনে করছেন।
এরোপ্লেন হলেও এটি হেলিকপ্টারের মতো মাটি থেকে সোজা আকাশে উঠতে পারে এবং হেলিকপ্টারের মতোই মাটিতে নেমে আসতে পারে। এই বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ইভিটিওএল নিয়ে অনেকগুলো কোম্পানি এখন গোপনে গবেষণা চালাচ্ছে। তবে কিটি হকের কোরা মডেল বিমানের নকশাটিই সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে করছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ডের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক স্টিভ রাইট। বিবিসি।
ইত্তেফাক/সেতু
