কোটা সংস্কার : আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২০:২৪
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ এবং অজ্ঞাত ৭০০-৮০০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। 
 
শুক্রবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। শনিবারের মধ্যে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসানসহ কমিটির অন্যান্য নেতারা। গত বুধবার বেলা ১২টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্মারকলিপি দিতে গেলে পুলিশ হাইকোর্ট মোড়ে তাদের ব্যারিকেট দিয়ে আটকে দেয়। সেখানে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ লঠিপেটা করে। 
 
পুলিশ পাঁচ আন্দোলনকারীকে আটক করে। পরে বিকালে আটককৃতদেরকে ছাড়াতে গেলে আরো ৫০-৫৫ জনকে আটক করে। আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজধানী শাহবাগে পাঁচ শতাধিকেরও বেশি শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। পরে রাত ৯টার দিকে আটককৃত ৬৩ জনকে রমনা থানার পুলিশ ছেড়ে দেয়। পরে বুধবার রাতেই শাহবাগ থানার উপ-পরিদর্শক মির্জা মো. বদরুল হাসান বাদী হয়ে পুলিশের ওপর আক্রমণ ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ করার জন্য অজ্ঞাত ৭০০-৮০০ জনের বিরুদ্ধে  মামলাটি করেন।
 
ইত্তেফাক/ইউবি