গাজীপুরের কালীগঞ্জে প্রবাসী জুলহাস সরকার (৩০) হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার রাজবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
নিহত জুলহাস উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের পুনসহি গ্রামের বোরহান উদ্দিন সরকারের ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পুনসহি গ্রামের মৃত সাঈদ সরকারের ছেলে কাজল সরকার (৩৭) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। তারা ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
আরও পড়ুন: ২১ এপ্রিলই শবে বরাত
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, গত ১৩ মার্চ জুলহাসকে রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়। রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত আরও অনেক কিছু জানা যাবে বলেও মনে করছেন পুলিশের ওই কর্মকর্তা।
ইত্তেফাক/কেকে
