রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এক সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। দেশ স্বাধীন বলেই আমরা এগিয়ে যেতে পারছি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এরই মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্ত্রী একথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সব সময় দেশের মানুষের মুক্তির কথা ভাবতেন। তিনি জেল কিংবা মৃত্যু কোন কিছুরই ভয় পেতেন না। বঙ্গবন্ধুর কন্যা একই ভাবে জনগণের কল্যাণের কথা ভেবে দেশ পরিচালনা করছেন। দেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে।
অনুষ্ঠানে আলোচনা করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, চলচ্চিত্র ও টিভি অভিনেতা মো. খালেকুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন মো. এমরান এইচ চৌধুরি। এর আগে রাজধানী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বক্তব্য রাখেন। বাসস।
ইত্তেফাক/এমআই
