পাকিস্তানী সেনার গুলিতে কাশ্মীরে একই পরিবারের ৫ জন নিহত

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২০:১২
ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চেতে পাকিস্তানী সেনাদের গুলিতে একই পরিবারের ৫ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া ওই পরিবারের আরো ২ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
 
জানা গেছে, রবিবার ভোরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বালাকোট সেক্টর লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানী সেনারা। সে সময় বাড়িতে সপরিবারে ছিলেন মুহম্মদ রমজান। পুলিশ জানিয়েছে, পাক সেনাদের ছোড়া একটি মর্টার রমজানের বাড়িতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমজান, তার স্ত্রী ও তিন ছেলের। গুরুতর আহত হয় তার দুই মেয়ে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
সংবাদ সংস্থা এএনআই’কে জম্মু-কাশ্মীরের ডিজিপি এসপি বৈদ জানান, ‘রবিবার সকালে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনারা। বালাকোট সেক্টর লক্ষ্য করে তারা এলোপাথাড়ি গুলি ও মর্টার ছুড়তে শুরু করে। তাতেই মৃত্যু হয় ৫ জনের, আহত হয়েছেন দু’জন।’ টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু