অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনের কারণে দীর্ঘ এক মাস ধরে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) বন্ধ থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৪৫০জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।
এরই মধ্যে আগামী ২৫ মার্চ প্রথম ও দ্বিতীয় বর্ষের পর্বমধ্য (মিডটার্ম) পরীক্ষা। তাই দ্রুত প্রতিষ্ঠানটি খুলে দেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয় থেকে বদলীকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার নতুন কর্মস্থলে না গিয়ে আবারো বাগেরহাট থেকে যাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেঘলা হাচান শান্তা বলেন, প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। চলতি মাসের ২৫ তারিখ আমাদের পরীক্ষা। কিন্তু এখনও এই সেমিস্টারে আমাদের কোন ক্লাস হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের ভবিষৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ইত্তেফাক/আরকেজি
