তানোরে আদিবাসী কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২২:১৪

তানোরে গোবিন্দ টুডু (৪০) নামে এক সাঁওতাল আদিবাসী কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৮মার্চ) দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের ডরগাডাঙ্গা বাজার মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গোবিন্দ টুডু ওই এলাকার মৃত বলরাম টুডুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় গোবিন্দ টুডু। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার দুপুর ২টার দিকে স্থানীয়রা পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করে।

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোবিন্দ টুডু নেশা করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে।  চোখ ও বুকে হালকা ক্ষত আছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/নূহু