রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ভিয়েতনাম সফর ‘অপ্রত্যাশিত কারণে’ সোমবার শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ভ্লাদিমির পুতিন চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর হ্যানয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
লাভরভ দীর্ঘদিন ধরে পুতিন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আজ সোমবার সকালে তার হ্যানয় সফর শুরু করার কথা ছিল।
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকের মাত্র এক ঘণ্টা আগে সাংবাদিকদের মেইল করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লাভরভের সফর বাতিলের কথা জানান।
ওই ই-মেইল বার্তায় বলা হয়, ‘অপ্রত্যাশিত কারণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ভিয়েতনাম সফর বাতিল করা হয়েছে।’
এতে আরো বলা হয়, ‘পরে আমরা এ সফরের সুনির্দিষ্ট সময় সাংবাদিকদের জানিয়ে দেবো।’
ইত্তেফাক/কেকে
