স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই ৫শ’ বেডের বিশেষায়িত ‘শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’-এর যাত্রা শুরু হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম মাসেই তাঁর নামে বিশ্বের সবচেয়ে বড় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করা হবে। এখানে আগুনে পোড়া রোগীদের অত্যাধুনিক চিকিৎসা সেবা দেয়া হবে।’
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দেশব্যাপী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি নাগরিকের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি।’
মোহাম্মদ নাসিম বলেন, তৃণমূলের গরিব মানুষের স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে ৬ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে আরো ১০ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। নতুন নিয়োগ পাওয়া ডাক্তারদের কমপক্ষে ৩ বছর গ্রামে থেকে তৃণমূলের মানুষদের সেবা দিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে বর্তমান সরকার প্রথমবারের মতো একসাথে ১০ হাজার নার্স নিয়োগ দিয়েছে। তারা এখন দেশের বিভিন্ন হাসপাতালে সেবা দিচ্ছে। দেশে এখন আর নার্স সংকট নেই।
হাসপাতালগুলোর পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোন আপোষ করা যাবে না উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, সরকার পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে আরো ৪০ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেবে। শিগগিরই এই প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি জানান। বাসস।
ইত্তেফাক/এমআই
