আপিলে জিতে নিষেধাজ্ঞা কাটল রাবাদার

আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৯:০৭
দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিলে জয়ী হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ও বিশ্বসেরা বোলার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউন টেস্টে খেলতে তার কোন বাঁধা নেই। 
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচে নিষেধাজ্ঞা পান রাবাদা। আইসিসির আচরণবিধি লেভেল-২ লঙ্ঘন করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে দু’টি অভিযোগ ওঠে রাবাদার বিপক্ষে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দলটির অধিনায়ক স্টিভেন স্মিথকে আউট করার পর কাঁধে ধাক্কা মারেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে আউট করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। 
 
এমন অপরাধের জন্য ওই টেস্ট থেকে তিনটি ডিমেরিট পয়েন্ট পান রাবাদা। পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হয় তার। নির্ধারিত ২৪ মাসের মধ্যে ৮টি ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় সিরিজের শেষ দুটি টেস্টের জন্য নিষিদ্ধ হন এই পেসার। 
 
গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেন তিনি। আপিলে জয় পাওয়ায় সিরিজের তৃতীয় টেস্টে রাবাদার খেলতে আর কোন বাধা নেই তার। এমনকি পুরো সিরিজে পাওয়া নিষেধাজ্ঞাও উঠে গেছে। 
 
সোমবার নিউজিল্যান্ডের বিচার বিভাগীয় কমিশনার মাইকেল হেরন স্বাগতিক পেসার রাবাদার শাস্তি কমিয়ে আনেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি রাবাদার জরিমানা ও ডিমেরিট পয়েন্ট কমানো হয়েছে। ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে রাবাদাকে। 
 
ইত্তেফাক/কেআই