চরফ্যাশনে শিশুকন্যাকে আছড়ে হত্যা

আপডেট : ২১ মার্চ ২০১৮, ০০:৪১

দাম্পত্য কলহের জের ধরে ৩ মাসের শিশু কন্যা সামিয়াকে আছড়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে পিতার বিরুদ্ধে। পাষণ্ড এ পিতার নাম আল আমিন জমাদার। ভোলার চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামে এ ঘটনা ঘটেছে।

সোমবার রাতে এ ঘটনার পর মঙ্গলবার শিশুর মা আমেনা বেগম বাদী হয়ে পাষণ্ড পিতা আল আমিন জমাদার, দাদা হারুন জমাদার এবং দাদী রুনু বিবিকে আসামি করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘাতক পিতা আলামিন (২৫) কে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে।

মৃত শিশু সামিয়ার মা আমেনা বেগমের থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা গেছে, আল আমিন স্থানীয় বাজার থেকে বাড়িতে গিয়ে স্ত্রী আমেনা বেগমের সাথে ঝগড়ার এক পর্যায়ে আমেনা বেগমের কোলে থাকা ৩ মাসের শিশু কন্যা সামিয়াকে জোরপূর্বক কোল থেকে নিয়ে রান্না ঘরে আছড়ে হত্যা করে। এ সময় আমেনার চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে সামিয়াকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে হত্যা মামলা হয়েছে। ঘাতক পিতা আল আমিনকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু