তুমুল হট্টগোলে ফের মুলতুবি লোকসভা

আপডেট : ২১ মার্চ ২০১৮, ০৯:০৭
 
ভারতে তুমুল হট্টগোলে ফের মুলতুবি হয়ে গেল লোকসভা। গতকাল মঙ্গলবারও ওঠেনি বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব। একটানা হট্টগোলের জেরে গত শুক্রবার থেকে এ পর্যন্ত যেভাবে মুলতুবি করতে হল অধিবেশন তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্পিকার সুমিত্রা মহাজন।
 
তেলেগু দেশম পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস অনাস্থা এনেছে মোদী সরকারের বিরুদ্ধে। সোমবারই অনাস্থা প্রস্তাব ওঠার কথা ছিল সভায়। কিন্তু এআইএডিএমকে এমপিদের তুমুল বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়ে যায় সভা। ফলে অনাস্থা নিয়ে ভোটাভুটি তো দূরের কথা, আলোচনাও হয়নি গতকাল। অনাস্থা প্রস্তাবটি সভায় উত্থাপিত হবে বলে আশা করেছিল বিরোধী দলগুলো। সেই মতো তেলেগু দেশম এবং ওয়াইএসআর কংগ্রেস দলের সব এমপিকে লোকসভায় উপস্থিত থাকতে বলে।
 
কিন্তু লোকসভায় গতকালের ছবিটাও ছিল আগেরদিনের মতোই। ফলে স্পিকার বুধবার পর্যন্ত মুলতুবি করে দেন সভা। এমনকি বিরক্ত হয়ে ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নাইডুও এমপিদের নিয়ে অনুষ্ঠিতব্য একটি নৈশভোজ বাতিল করে দেন। - আনন্দবাজার পত্রিকা
 
ইত্তেফাক/মোস্তাফিজ