কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই বছরের ব্যবধানে বন্যায় ভেঙে গেছে একই রাস্তার দুইটি কালভার্ট। দুর্ভোগে পড়েছে এ পথে যাতায়াতকারী পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ।
কচাকাটা থেকে কালীগঞ্জ কুমেদপুর ঘাটে এসে দুধকুমর নদ পাড়ি দিয়ে নাগেশ্বরীতে আসা যাওয়া করে উপজেলার কচাকাটা, কেদার, বল্লভেরখাস, নুনখাওয়া ও নারায়নপুর ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ।
জানা যায়, সড়ক ও জনপদের এ রাস্তায় ২০১১-২০১২ সালের অর্থ বছরে জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর প্যারাডাইস ট্রেডার্স এর মাধ্যমে এক কিলোমিটার ব্যবধানে দুধকুমর নদের দুইটি শাখায় ৮ মিটার ও ১২ মিটার দৈর্ঘ্যরে দুইটি কালভার্ট নির্মাণ করা হয়। এর মধ্যে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বন্যার পানির তীব্র স্রোতে ভেঙে যায় ৮ মিটার দৈর্ঘ্যরে কালভার্টটি। বছরের বেশিরভাগ সময়ে সেখানে পানি থাকায় নৌকা অথবা কলাগাছের ভেলায় পাড়ি দিতে হয় সে স্থান। অন্যসময় পানি শুকিয়ে গেলে পায়ে হেটে চলাচল করে মানুষ। এভাবে চলে দুই বছর। সেটি পুন:নির্মাণের আগে গত বছর ভয়াবহ বন্যায় ভেঙে যায় একই রাস্তার ১২ মিটার দৈর্ঘ্যের অপর কালভার্টটি। এখানেও প্রায় সারা বছরই পানিপূর্ণ থাকে। জাল ফেলে মাছ ধরে স্থানীয়রা। ২ বছরের ব্যবধানে একই রাস্তার ওই কালভার্ট দুইটি ভেঙে যাওয়ায় চূড়ান্ত দুর্ভোগে পড়েছে এ পথে যাতায়াতকারী মানুষ। দ্রুত সেখানে দুইটি ব্রিজ অথবা কালভার্ট নির্মাণের দাবী জানিয়েছেন তারা।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় পরিচালক খোরশেদ আলম জানান, দুধকুমরের ওই শাখা দুইটি দিয়ে বর্ষায় তীব্র স্রোতে পানি প্রবাহিত হয়ে গঙ্গাধর নদীতে প্রবেশ করে। তাই স্রোতের ভয়াবহতায় ভেঙে গেছে কালভার্ট দুইটি। ফলে সেখানে কালভার্ট নয় বড় ব্রিজ নির্মাণ করা প্রয়োজন।
ইত্তেফাক/এসএস
