লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন এবং আরেক বিজ্ঞানী বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের পাশে সমাহিত হতে যাচ্ছেন সম্প্রতি মারা যাওয়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং। ‘দুনিয়াজুড়ে বিখ্যাত এই দুই বিজ্ঞানীর কাছেই সমাহিত করা হবে স্টিফেন হকিং এর দেহভস্ম’ এক বিবৃতিতে এমনটিই জানিয়েছেন ওয়েস্টমিনিস্টার চার্চ কর্তৃপক্ষ।
IMG0
হকিং এর পরিবার থেকে জানানো হয়েছে, আগামী ৩১শে মার্চ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রেট সেন্ট ম্যারি চার্চে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এ বছরের শেষের দিকে এক থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে চিরবিদায় জানানো হবে এই বিজ্ঞানীকে। ওয়েস্টমিনিস্টার অ্যাবের ডিন ড. জন হল বলেছেন, সতীর্থ বিজ্ঞানীদের পাশে স্টিফেন হকিংকে সমাহিত করা খুবই যুতসই। তিনি জানান, স্যার আইজ্যাক নিউটনকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সমাহিত করা হয়েছিলো ১৭২৭ সালে। আর চার্লস ডারউইনকে করা হয় আইজ্যাক নিউটনের পাশে ১৮৮২ সালে।
IMG1
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি জীবন ও মহাবিশ্বের রহস্যময় অনেক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ধর্ম ও বিজ্ঞান বিষয়ে একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং কয়েক দশক ধরে মটর নিউরন সিন্ড্রোমে ভুগছিলেন। গত ১৪ই মার্চ ৭৬ বছর বয়সে মারা যান তিনি। বিবিসি।
ইত্তেফাক/সেতু
