ফতুল্লায় স্টুডিও দোকান মালিক সুমন ইসলামকে হত্যা মামলায় স্ত্রী সায়মা মনি অপুকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরো ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দু’বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিছুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সায়মা মনি অপু (২৭) ফতুল্লার দেওভোগ আখড়া এলাকার সোবহান মিয়ার মেয়ে।
মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান, ২০১৬ সালের ৩ জুন ফতুল্লার নন্দলালপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন স্টুডিও দোকান মালিক সুমন ইসলাম (৩৫)। ওই ঘটনায় নিহতের বড় ভাই নূরে আলম কামালের দায়ের করা মামলায় অভিযোগ করা হয় পরকীয়ার কারণে পারিবারিক কলহের জের ধরে সায়মা মনি অপু নিজেই তার স্বামী সুমন ইসলামকে পিঠে ছুরিকাঘাত করে হত্যা করে।
১৬ সাক্ষীর মধ্যে ১৩জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন। প্রসঙ্গত, ঘটনার দিন রক্তাত্ব অবস্থায় সুমনকে খানপুর হাসপাতালে সায়মা মনি অপু নিজেই নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সায়মা জোর করে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করলে চিকিৎসকরা থানায় খবর দেন। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধারসহ সায়মাকে আটক করে।
ইত্তেফাক/আরকেজি
