সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ২১ মার্চ ২০১৮, ২২:০৮
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচনে বুধবার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে এক ঘণ্টার বিরতিসহ বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আইনজীবীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। প্রথম দিনে ২ হাজার ৬০৯ জন আইনজীবী ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের বিপরীতে ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছেন ৬ হাজার ১২৫ জন। বৃহস্পতিবার ভোট গ্রহণ সমাপ্ত হবে।  
 
নির্বাচনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মো. মোরশেদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক পদে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই দুই প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনে কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 
 
ইত্তেফাক/এমআই