টাঙ্গাইলের মির্জাপুরে ৭০৪ বোতল ফেনসিডিলসহ রাকিব ওরফে রাজিব মিয়া (২৭) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি ইউনিয়নের পাকুল্যা বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় রাকিবের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল পাকুল্যা এলাকায় 'দি বাংলাদেশ টুডে' স্টিকার লেখা একটি প্রাইভেটকারকে রাস্তার পাশে দাঁড়ানো দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটিতে তল্লাশি করে বস্তা ভর্তি ফেনসিডিলের বোতল দেখতে পেয়ে রাকিবকে আটক করে থানায় নিয়ে আসে। রাকিব নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আইডি কার্ড দেখান। তবে তিনি কোন এলাকার সাংবাদিক কার্ডের মধ্যে তা লেখা নেই। আইডি কার্ডে শুধু লেখা আছে মিডিয়া রিপোর্টার। উদ্ধারকৃত ৭০৪ বোতল ফেনসিডিলের দাম প্রায় তিন লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান বলেন, আটককৃত রাকিব ভুয়া সাংবাদিক। সাংবাদিকের নাম ব্যবহার করে তিনি মাদক ও চোরাচালান করে আসছেন। আজ বৃহস্পতিবার মাদক-চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনে মামলার পর তাকে হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইত্তেফাক/এসএস
