তিন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা কারাগারে অভিযান চালিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা জেলা কারাগারে এ অভিযান চালায় দুদক। এ সময় দুদক দুটি অভিযোগের সত্যতা পেয়েছে।
দুদকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীলকমল পাল বলেন, ‘দর্শনার্থীদের কাছ থেকে ১০০ টাকা থেকে ৩০০ টাকা আদায়, কয়েদী বা হাজতিদের নিম্নমানের খাবার সরবরাহ ও অসুস্থদের তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে মেডিকেল ওয়ার্ডে রাখার অভিযোগের ভিত্তিতে জেলা কারাগারে অভিযান চালানো হয়। কারাবিধি অনুযায়ী কয়েদী বা হাজতিদের খাবার সরবরাহ করা হয়। এ কারণে নিম্নমানের খাবার সরবরাহের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে বাকি দুটি অভিযোগের প্রমাণ মিলেছে।’
তিনি বলেন, ‘কারাগারের অভ্যন্তরের মেডিকেল ওয়ার্ডে কোনো চিকিৎসক নেই। মেডিকেল অফিসার ছাড়াই মেডিকেল ওয়ার্ডে রোগী ভর্তি করা হয়। কিসের ভিত্তিতে করা হয় এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো ব্যাখা নেই। যেসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে সে বিষয়ে কারারক্ষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
আরও পড়ুন: বনলতার যাত্রা শুরু ২৫ এপ্রিল, উদ্বোধন করবেন শেখ হাসিনা
অভিযানে উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের, পরিদর্শক শ্যামলচন্দ্র সেন। তবে এই বিষয়ে জেল সুপার কামরুল ইসলাম কোনো কথা বলেননি।
এদিকে, দুদকের অভিযানের ফলে দুর্নীতিগ্রস্ত কারারক্ষী ও পুলিশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইত্তেফাক/কেকে
