‘বিএনপি ক্ষমতায় থাকলে শিল্পকারখানা দেউলিয়া হয়ে যায়’

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৬:০২
এক লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শুক্রবার সকালে দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভের ৯নং স্টোপের উদ্বোধন করা হয়েছে। 
 
প্রধান অতিথি হিসেবে স্টোপের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) চত্বরে আয়োজিত ভূগর্ভের ৯নং স্টোপের উদ্বোধনী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিসির চেয়ারম্যান ড. সিরাজুল ইসলাম কাজী।
 
বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহ, এমজিএমসিএল’র বোর্ডে চেয়ারম্যান ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন, এমজিএমসিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম নুরুল আওরঙ্গজেব, চিফ অব মাইন অপারেশন ইউরি দেভিয়াতভ ও জিটিসির প্রকল্প পরিচালক মি. আলিসকসেন্দ্রো মালসভ, এমজিএমসিএল’র মহাব্যবস্থাপক (জিএম) (অপারেশন) আসাদুজ্জামান আসাদ, জিটিসির মহাব্যবস্থাপক (জিএম) জাবেদ সিদ্দিকী, মহাব্যবস্থাপক (জিএম) জামিল আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহামুদুর রহমান প্রমুখ।
 
প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আমলে আবিষ্কার হওয়া মধ্যপাড়া পাথরখনিকে লাভজনক করার জন্য খনি কাজে অভিজ্ঞ ইউরোপিয়ান বিশেষজ্ঞ প্রতিষ্ঠান জিটিসিকে খনির উন্নয়ন ও উৎপাদনের দায়িত্ব দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জিটিসি পাথরখনিতে আধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ব্যবহার করে খনির পাথর উত্তোলন বৃদ্ধি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ৯নং স্টোপ থেকে পাথর উত্তোলন কাজের উদ্বোধন করা হলো। খনিকে দেশের সব চেয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পাশাপাশি জাতীয় রাজস্বে অবদান রাখতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।
 
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে বিদ্যুৎ থাকে না, কৃষক সার পায় না, উৎপাদন বাড়ে না, শিল্পকারখানা দেউলিয়া হয়ে যায়। আর শেখ হাসিনার সরকার থাকলে দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ে, কৃষক ঘরে বসে সার পায়, কৃষিতে উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমানে দেশে ১৫ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামীতে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হবে। এ কারণে আগামী ডিসেম্বর মাসের মধ্যে গোটা দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।
 
ইত্তেফাক/ইউবি