দেশের অর্জনে স্বাগত না জানানো বিএনপির বিকৃত মানসিকতার পরিচায়ক : হাছান মাহমুদ

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৮:২৭
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হওয়াকে স্বাগত না জানানো বিএনপির নেতাদের বিকৃত মানসিকতার পরিচায়ক।
 
শুক্রবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ  এ সব কথা বলেন।  
 
হাছান মাহমুদ বলেন, সারা দেশ যে আনন্দ উল্লাসে যোগ দিয়েছে, তার সমালোচনা করে বিএনপি নেতারা ‘বিকৃত মানসিকতার’পরিচয় দিচ্ছেন। এ ধরনের একটা অর্জনে বিএনপি নেতারা সরকারকে অভিনন্দন জানাতে যদি লজ্জা পান, তাহলে জাতিকে একটা অভিনন্দন জানাতে পারতেন।  
 
তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার জন্য টার্গেট ছিল ২০২১ সাল। আমরা কয়েক বছর আগেই সে লক্ষে পৌঁছে গেছি। এ জন্য বিএনপির উচিৎ ছিল সরকারকে ধন্যবাদ জানানো। তা না করে তারা বিষোদ্গার করেছে। এটা বিএনপি নেতাদের মানসিক বিকৃতি। যারা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা এ দেশের উন্নয়নকেও মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক।’
 
অন্যদের মধ্যে আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন ও পারভীন জামান কল্পনা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি