স্পট মিটারিং: শরণখোলায় একদিনে সংযোগ পেল ১৬০ গ্রাহক

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির স্পট মিটারিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার একদিনেই উপজেলার ১৬০ জন গ্রাহকের আবেদন গ্রহণ ও মিটার সংযোগ দেওয়া হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মিটারিং কার্যক্রম পরিচালিত হয়।
 
শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস। কার্যক্রম পরিচালনা করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জুলফিকার রহমান। এ সময় এজিএম (কম) আবু সাইদ মো. খাইরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে উপজেলার ধানসাগর, খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের গ্রাহকদের মাঝে এসব মিটার প্রদান করা হয়। একদিনের মধ্যে কোনো বিড়ম্বনা ছাড়াই মিটার ও বিদ্যুৎ সংযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নতুন গ্রাহকরা। 
 
উপজেলার নলবুনিয়া গ্রামের পঙ্কজ রায়, বাবুল হাওলাদার ও এমাদুল খান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির এ কার্যক্রম চালমান থাকলে গ্রাহকরা হয়রানির হাত থেকে রেহাই পাবে। সরকারের ভাবমূর্তিও উজ্জল হবে।
 
ইত্তেফাক/এমআই