নিজের পছন্দের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার এক ধরনের আশ্বাস পেয়ে গেলেন বোল্ট। দলটির কোচ হোসে মরিনহোই তাকে বলেছেন, ফুটবলে সিরিয়াস হলে ম্যানইউতে খেলার ব্যাপারটা বিবেচনা করবেন তিনি।
অলিম্পিকে সিরিজ স্বর্ণ পদক জয়ী এই গতি তারকা এখন ফুটবল অনুশীলনেই আছেন। জুন মাসে ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হতে চলেছে এক প্রদর্শনী ম্যাচ। ‘সকার এইড ফর ইউনিসেফ’ আয়োজিত সেই ম্যাচে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন বোল্ট। প্রতিপক্ষ পপস্টার রবি উইলিয়ামস এবং তার ইংল্যান্ড দল। সেই ম্যাচের তিন মাস আগেই শুক্রবার অনুশীলনে নেমে পড়লেন কিংবদন্তি বোল্ট। জার্মানির সেরা ফুটবল লিগ বুন্দেসলিগার অন্যতম সেরা দল বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে। মারিও গোয়েৎসে, মার্কো রয়েসদের সঙ্গে অনুশীলন করলেন তাদের ক্লাবের হলুদ-কালো জার্সি গায়েই।
বোল্টের এই অভিনব ফুটবল অনুশীলন দেখতে শুক্রবার উপচে পড়েছিল ভিড়। ভক্তদের নিরাশ করেননি ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডধারী। গোয়েৎসের ভাসানো ক্রসে মার্কারকে টপকে গিয়েই দুরন্ত হেডে গোল করে ভক্তদের আনন্দ দিলেন তিনি।
দু’দলে ভাগ হয়ে ম্যাচ খেলার সময় সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেন বোল্ট। বল ধরা ও নিখুঁত পাস দেয়া দেখলে মনে হবে না ফুটবলে তিনি একেবারে আনকোরা।মাঠ ছাড়ার আগে বোল্ট হাসতে হাসতে সংবাদমাধ্যমকে বলে যান, ‘জোসে মোরিনহোর সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন, যদি আমি সিরিয়াস হই, তাহলে আমার ম্যানইউতে খেলার ব্যাপারটা ও বিবেচনা করবে।’ তারপরই বললেন ‘গতিটা আমার রয়েছে। কাজেই সেটা জোসে মোরিনহো ব্যবহার করতেই পারেন।’
ওয়েস্ট ইন্ডিজে ছোটবেলায় ক্রিকেট খেলেছেন বোল্ট। এ বার দেখিয়ে দিচ্ছেন, ফুটবলেও তিনি ঝড় তুলতে পারেন।
ইত্তেফাক/কেআই
