দুর্নীতিবাজরা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে : খাদ্যমন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৮:০৮
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আর কখনো যেন দুর্নীতিবাজরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে । দুর্নীতিবাজরা সমাজ ও দেশের শক্রু, তাই তাদের সমাজে কোন স্থান নেই। এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। 
 
শনিবার সকালে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে বিএনপির যেকোন অবৈধ আন্দোলন রুখে দেয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের আহ্বান জানান। বাংলাদেশে সকল অপকর্মের পেছনে মাদকের হাত রয়েছে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে হবে। 
 
ভবন উদ্বোধন শেষে মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/ইউবি