গাজীপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৫:৩২
গাজীপুরে অটোরিকশা চালককে খুনের দায়ে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
 
মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় এজহারভুক্ত অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নাইম ওরফে মহিউদ্দিন নাইম (২৭) গাজীপুর সিটি কর্পোরেশনের চত্বর (এটিআই গেট) এলাকার মো. আব্দুল গফুরের ছেলে।  
 
খালাস প্রাপ্তরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের চত্বর এলাকার (নয়াপাড়া) ইদ্রিস আলীর ছেলে মো. হাসান ইমাম ওরফে রাব্বী (২৪), একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মো. জহিরুল ইসলাম ওরফে ফরহাদ (২৩) ও রেজাউল করিম মৃধার ছেলে মো. রায়হান উদ্দিন ওরফে নীরব (২১)। 
 
গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহম্মদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিব দর্জিপাড়া এলাকার চুন্নু মোল্লার ছেলে মো. জুলহাস মোল্লা ওই এলাকা অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ২৮ নভেম্বর বেলা সাড়ে ১১টার সময় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে জুলহাস নিখোঁজ হন। পরে স্থানীয়রা ওইদিন সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সিটির নোয়াইলের টেক এলাকার গজারী বনে জুলহাসের গলাকাটা লাশ পাওয়া যায়।
 
মামলার বরাত দিয়ে পিপি আরো জানান, নাইম ও তার তিন সঙ্গী ২০১৩ সালের ২৮ নভেম্বর দুপুরে চত্বর বাজার থেকে যাত্রী সেজে জুলহাসের অটোযোগে হাতিয়াব খিলপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়াব জঙ্গল থেকে জুলহাসের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার অটোরিকশা ও মোবাইল ফোনটির কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে পরদিন নিহতের পিতা চুন্নু মোল্লা বাদি হয়ে জয়দেবপুর থানায় ওই চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। 
 
ইত্তেফাক/ইউবি