অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হামলাকারী ফয়জুর হাসানের বন্ধু সোহাগ মিয়া।
সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ সিদ্দিকী ১৬৪ ধারায় সোহাগের জবানবন্দি গ্রহণ করেন। সোহাগের স্বীকারোক্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
তিনি বলেন, সোহাগ আদালতকে জানিয়েছে বিভিন্ন ধরনের ওয়াজ ও উগ্রবাদী ভিডিও মেমোরি কার্ডের মাধ্যমে ফয়জুরকে সে সরবরাহ করতো। 'ইসলামের শত্রু’ কারা তাদের ব্যাপারে তথ্য সম্বলিত ভিডিও প্রদান করতো। ফয়জুর সেগুলো কপি করে নিজের কাছে রেখে মেমোরি কার্ড ফিরিয়ে দিতো। এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফয়জুর হাসান, তার বাবা আতিকুর রহমান ও ভাই এনামুল হাসান।
গত ৩ মার্চ শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর হাসান। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে নগরীর জালালাবাদ থানায় মামলা দায়ের করেন শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়। এরা হলেন- ফয়জুর রহমান, তার বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, ভাই এনামুল হাসান, মামা ফজলুর রহমান ও ফয়জুরের বন্ধু সোহাগ মিয়া।
ইত্তেফাক/ইউবি
