বিশ্বে একশ’ কোটির বেশি মানুষ সুপেয় পানি পায় না: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৯:৫০
পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, পৃথিবীর ৭ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় একশ’ কোটির বেশি মানুষ সুপেয় পানি পায় না। এই সমস্যাগুলো শিল্পোন্নত বিশ্বের সাধারণ মানুষ উপলদ্ধি করতে পারে না। তিনি বলেন, আমাদের এই দেশটির বিচিত্র অবস্থানে, গঙ্গা-মেঘনা-ব্রহ্মপুত্র অববাহিকায় বাংলাদেশ, তাকে ঘিরে আছে নেপাল, ভূটান, ভারত, চীন। এই অববাহিকাভুক্ত দেশগুলোর সমস্যা সমাধানের জন্য নিজেদের সমন্বয় ও সযোগিতার প্রয়োজন। তিনি বলেন, আমাদের সমস্যা অনেকে উপলদ্ধি করতে সক্ষম হন না। বৃষ্টির সময় এখানে অতিবৃষ্টি হয়, আবার শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট সৃষ্টি হয়। সমস্যা সমাধানে এতদ্বঞ্চলের দেশগুলোর দ্বিপাক্ষীয় ও বহুমুখী আলাপ-আলোচনা প্রয়োজন। উপ-মহাদেশে রাজনীতির যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সুযোগ গ্রহণ করে প্রধানমন্ত্রী ইতিমধ্যে গঙ্গা চুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। যেটা অন্য কোন দেশ হলে আপনাকে অনেক বেশি কৃতিত্ব দিতো। 
 
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস-২০১৮ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, তিস্তার বিষয়টি দুরহ কোন সমস্যা নয়। আমরা আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে এর সুরাহা হবে। ভারতের সাথে যতটা না সমস্যা, তার চেয়ে পশ্চিম বাংলার সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের একটা মীমাংসার প্রয়োজন।
 
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী আপনি ইতিমধ্যে আপনার ভীষণ ২০২১ ঘোষণা করেছেন। ‘বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০’ এ যেসব বিষয় অন্তর্ভুক্ত করেছেন তার উপরে কিছুই বলার নেই। পৃথিবীতে সংকটের অভাব নেই। ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় সর্বত্রই সমস্যা আছে। যদি সমস্যাই না থাকতো তাহলে ম্যানেজারের প্রয়োজন হতো না। 
 
পানিসম্পদ মন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ড ড্রেজিং করছে। আপনার নির্দেশে আমরা এখন যতটুকু নদী রক্ষার জন্য কাজ করি, ঠিক তার অর্ধেক আমরা ড্রেজিং করি। এই ড্রেজিংয়ের পলি মাটি দিয়ে একদিকে নিম্নাঞ্চল ভরাট করি, অন্যদিকে নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ করা সম্ভব। 
 
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, কিছুক্ষণ আগে আমি আপনার সঙ্গে বলছিলাম, এলজিআরডি মন্ত্রণালয় মন্ত্রীর নেতৃত্বে যেভাবে খাল-বিল, রাস্তা-ঘাট, পুকুর খনন করছেন, তিনি আপনার চিন্তা-ভাবনার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছেন। আশা করি আমরাও আপনার নির্দেশনায় সেই একইভাবে কাজ করে যেতে সক্ষম হবো। 
 
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যগণ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং কূটনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই