নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে :ফখরুল

আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২৩:০৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা ঘিরে বড় শোডাউন করেছে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিজয়নগর মোড় হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত শোভাযাত্রাটি বিস্তৃত ছিল। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

শোভাযাত্রায় অংশগ্রহণ করতে সকাল ১১টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে তারা সেখানে আসেন। শোভাযাত্রা শুরুর আগে কার্যালয়ের সামনে খোলা ট্রাকে দাঁড়িয়ে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা।

মির্জা ফখরুল কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের শপথ নিয়ে সংগ্রাম গড়ে তুলার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য লড়াই সংগ্রাম গড়ে তুলবো। তিনি আরো বলেন, নির্বাচনের আগে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিয়ে সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ফখরুল বলেন, আমরা দেশের সকল মানুষ শান্তি চাই, গণতন্ত্র ফিরে পেতে চাই এবং খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে, মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দির মুক্তি দিতে হবে। আজকে মানুষের কোনো অধিকার নেই। যে চেতনা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চেতনার মূল বিষয়টি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

শোভাযাত্রায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শ্যামা ওবায়েদ প্রমুখ।

ইত্তেফাক/নূহু